২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘মাদকাসক্ত ছেলেকে’ হত্যার পর লাশ নালায় ফেলেন বাবা-মা: পুলিশ

দুই দিন আগে নারায়ণগঞ্জে একটি নালায় বস্তাবন্দি অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

‘মাদকাসক্ত ছেলেকে’ হত্যার পর লাশ নালায় ফেলেন বাবা-মা: পুলিশ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবা-মা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 08:36 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘মাদকাসক্ত ছেলেকে’ হত্যার পর বাবা-মা লাশ নালায় ফেলে দেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান। এর আগে বুধবার রাতে উপজেলার লালখা এলাকা থেকে নিহতের বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে তারা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি মো. শরিফুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেহাচর এলাকার একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় ২৫ বছর বয়সি যুবক জনি সরকারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পরে নিহতের বাবা করুণা সরকার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন বলে জানান তিনি।

তিনি বলেন, “তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত হয়, হত্যাকাণ্ডের সঙ্গে জনির বাবা-মা সরাসরি জড়িত। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে ঘটনার বিস্তারিত বিবরণ দেন।”

কারাগারে যাওয়ারা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিষ্টপুর গ্রামের করুণা রায় সরকার (৫৩) ও তার স্ত্রী অনিতা রানী সরকার। তারা লালখা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আদালতে আসামিদের দেওয়া জবানবন্দির বরাতে ওসি শরিফুল বলেন, “জনি মাদকাসক্ত এবং বখাটে প্রকৃতির ছিলেন। তিনি প্রায়ই মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর করতেন। ঘটনার দিন সোমবার রাতেও নেশাগ্রস্ত অবস্থায় তিনি টাকার জন্য খারাপ ব্যবহার করেন।

“পরে রাত সাড়ে ১০ টার দিকে জনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে ঘুমন্ত ছেলেকে প্রথমে রুটি বানানোর কাঠের বেলুন দিয়ে মাথা ও মুখে আঘাত করে অচেতন করা হয়। এরপর শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন করুণা সরকার।”

পরে রাত আনুমানিক ২টার দিকে জনির হাত-পা বেঁধে লাশ বস্তায় ভরে করুণা সরকার মাথায় করে বাড়ির পাশে নালায় ফেলে দেন বলে জানান ওসি শরিফুল ইসলাম।

তিনি বলেন, “বাদী নিজেই যেহেতু এই ঘটনার সঙ্গে জড়িত, ফলে সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে বাদী আর সাক্ষীর তালিকায় থাকবেন না, তিনি থাকবেন আসামির তালিকায়।”

দুই দিন আগে উপজেলার পূর্ব সেহাচর লালখা এলাকায় বাড়ির অদূরে নালায় বস্তাবন্দি অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি ২৫ বছর বয়সি জনি সরকারের বলে শনাক্ত করেন তার স্বজনরা।