১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মায়ের কবরের পাশে শিশুর কান্না, সৎ মাকে ডেকে সতর্ক করলেন ইউএনও

কুমিল্লায় লালমাইয়ে মায়ের কবরের পাশে বসে এক শিশুর কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 08:28 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

কুমিল্লার লালমাই উপজেলা মায়ের কবরের পাশে বসে এক শিশুর কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এ ঘটনায় শিশুটির সৎ মাকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।

শিশুটিকে নির্যাতনের অভিযোগ উঠলে মঙ্গলবার বেলা ১১টায় সৎ মাকে ডেকে এক মাসের জন্য সতর্ক করা হয় বলে জানিয়েছেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

তিনি বলেন, “শিশুটির সৎ মা আয়েশা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যদি পুনরায় এমন কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, একটি মেয়ে শিশু মায়ের কবরের পাশে কান্না করতে করতে বলছে, ‘আররে কেন আপনার লগে নিয়ে গেলেন না। আম্মু গো আই আইছি। আম্মু গো বার অও। আরে লই যাইতে হারেন না? আরে কিল্লাই থুই গেলেন?’

ঘটনাটি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। তিনি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেনকে।

এদিন সকালে সৎ মাসহ শিশুটিকে ইউএনওর কার্যালয়ে ডাকা হয়। এ সময় শিশুটির সৎ মা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং উপজেলা প্রশাসনকে ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার প্রতিশ্রুতি দেন।

মেয়েটির মা রেহানা বেগম চার বছর আগে মারা যান। পরে তার বাবা মো. শোয়েব প্রবাস থেকে ফিরে আবার বিয়ে করেন। সৎ মায়ের কাছেই থাকে শিশুটি।

প্রশাসনের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। সেইসঙ্গে শিশুটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।