স্বাস্থ্যখাত সংস্কারে বরিশালে ‘ব্লকেড কর্মসূচি’
“স্বাস্থ্য উপদেষ্টাকে সশরীরে এসে অনিয়ম-দুর্নীতির তদন্ত শেষে তিন দফা দাবির সপক্ষে সুস্পষ্ট আশ্বাস প্রদানের দাবি জানিয়েছিলাম।”
আল্টিমেটাম দেওয়া সময়ের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা না আসায় মঙ্গলবার থেকে বরিশালের মহাসড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে সোমবার পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আন্দোলনকারীরা।
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের মুখপাত্র নাভিদ নাসিফ বলেন, রোববার বিকাল ৪টা থেকে সোমবার বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তদন্ত করে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তিনি আসেননি।
“তাই মঙ্গলবার বেলা ১১টায় পুনরায় বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে বিক্ষোভ করা হবে। এর আগে অবরোধের সময় যাত্রীবাহী যানবাহন বিকল্পভাবে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিলো। মঙ্গলবার থেকে কোনো যানবাহন বিকল্পভাবেও যেতে দেওয়া হবে না।”
আন্দোলনের ১৫তম দিন সোমবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নথুল্লাবাদ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
বিকালের সংবাদ সম্মেলনে আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি।
“স্বাস্থ্য উপদেষ্টাকে সশরীরে এসে অনিয়ম-দুর্নীতির তদন্ত শেষে তিন দফা দাবির সপক্ষে সুস্পষ্ট আশ্বাস প্রদানের দাবি জানিয়েছিলাম। কিন্তু আল্টিমেটামের সময় শেষ হলেও তিনি বরিশাল আসেনি, তাই দাবি আদায়ে আমরা ‘বরিশাল ব্লকেড’ ঘোষণা করেছি।”
তিনি আরও বলেন, “বরিশালবাসীর আর্তনাদ এখনো মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক এখনো নড়ে না। যদি শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ওপর দুর্নীতি, ভোগান্তি, অবহেলা চলতে থাকে, তাহলে এ আন্দোলন আরও কঠোর হবে।”
