১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার: চাঁদপুরে ১৯ দিনে ৮৭ জেলে গ্রেপ্তার

মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য ৪ অক্টোবর থেকে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার; যা ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 06:50 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৯ দিনে ৮৭ জেলেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে টাস্কফোর্স।

৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানিয়েছে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, নিষেধাজ্ঞার সময় ৫৪ ভ্রাম্যমাণ আদালত ও ৩৯৯টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মৎস্য অবতরণ কেন্দ্র ১৯ বার, মাছঘাট ২৯২ বার এবং আড়ত এক হাজার ২০১ বার পরিদর্শন করা হয়।

অভিযানে জব্দ করা জালের পরিমাণ পাঁচ লাখ তিন হাজার ৪২ মিটার; যার আনুমানিক মূল্য এক কোটি ২৭ লাখ টাকা বলে জানান তিনি।

তিনি বলেন, এ সময় জব্দ করা হয় এক দশমিক ০৫ টন ইলিশ। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৪৫ হাজার টাকা। অভিযানে ৬৩ মামলা করা হয়।

ওমর ফারুক বলেন, অভিযানের শুরু থেকেই জেলা ও উপজেলা ট্রাস্কফোর্স কঠোর অবস্থান নিয়েছে। যাতে করে জেলেরা নদীতে নামতে না পারে। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামা জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাগর থেকে নদীর মিঠা পানিতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য ৪ অক্টোবর থেকে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার; যা ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।