পটুয়াখালীতে গুরুতর আহত সজারু উদ্ধার
প্রাপ্তবয়স্ক সজারুটির দৈর্ঘ্য দুই ফুট ও ওজন সাত কেজি।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে গুরুতর আহত অবস্থায় বিরল প্রজাতির একটি সজারু উদ্ধার করা হয়েছে। প্রাপ্তবয়স্ক সজারুটির দৈর্ঘ্য দুই ফুট ও ওজন সাত কেজি।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রাম থেকে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা সজারুটি উদ্ধার করে বলে জানিয়েছেন টিম লিডার বায়জিদ আহসান।
বায়জিদ বলেন, স্থানীয়রা সজারুটিকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে সজারুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সজারুটিকে সুস্থ করার চেষ্টা করছেন। পরিপূর্ণ সুস্থ হলে প্রাণিটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার কথা জানান তারা।
কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, বিপদগ্রস্থ বন্যপ্রাণি উদ্ধারে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীকে সবসময় সহযোগিতা করা হচ্ছে। সজারুটিকে চিকিৎসা শেষে উন্মুক্ত বনে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণি নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
