Published : 10 May 2026, 09:46 PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় ভুয়া বিল-ভাউচার বানিয়ে ব্যাংকে জমা দেওয়ার অভিযোগে করা মামলায় দুই মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম এইচ এম কবির হোসেন এ আদেশ দেন বলে জানান মামলার বাদীপক্ষের আইনজীবী মিজানুর রহমান মুবিন।
কারাগারে যাওয়া দুইজন হলেন- অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক মো. নুরুল আমিন মুন্সী এবং সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম।
রোববার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষর জাল করে ২০২৪ সালের ১২ আগস্ট দুই লাখ ৭৩ হাজার ৪০৫ টাকার ভুয়া বিল-ভাউচার তৈরি করা হয়। পরে তা রূপালী ব্যাংকের বরিশাল চকবাজার শাখায় জমা দেওয়া হয়।
বিষয়টি সন্দেহ হলে ব্যাংক কর্তৃপক্ষ মাদ্রাসা সভাপতিকে জানায়। পরে তিনি আদালতে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই নিউটন অধিকারী অভিযোগের সত্যতা পাওয়ার পর দুই শিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছেন বলেও জানান আইনজীবী মিজানুর রহমান মুবিন।