১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীতি নয়: প্রতিমন্ত্রী টুকু

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি কোনো খবর নিয়ন্ত্রণ করে না, গণমাধ্যমকে অবাধ স্বাধীনতা দিয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 09:09 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত নয়। তরুণ নেতৃত্বের কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।”

শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের-বিএসভিইআর ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “জনগণ এখন বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চায়। পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে। কারা দেশ পরিচালনা করবে, সেই সিদ্ধান্তও জনগণই নেবে।”

বিএনপির এই নেতা বলেন, বিএনপি আধুনিক, উদার ও গণতান্ত্রিক দল এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। যতবার বাংলাদেশের মানুষ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবার বাংলাদেশের মানুষ বিএনপিকে বেছে নিয়েছে।

তিনি বলেন, “বিএনপি কোনো খবর নিয়ন্ত্রণ করে না, গণমাধ্যমকে অবাধ স্বাধীনতা দিয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।”

ভেটেরিনারি শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পড়াশোনা শেষে তাদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। মৎস্য খাতেও ৫০০টির বেশি পদের অনুমোদন হয়েছে।

দেশের প্রতিটি বিভাগে একটি করে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। 

‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্য নিশ্চিতকরণে ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার কার্যকর প্রয়োগ’ প্রতিপাদ্য নিয়ে বিএসভিইআরের তিন দিনব্যাপী এ সম্মেলন হচ্ছে।

সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, প্রাণিচিকিৎসক, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। ১৬টি বৈজ্ঞানিক অধিবেশনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে ১১৬টি মৌখিক ও ২০২টি পোস্টার উপস্থাপনা রয়েছে।