Published : 30 Jan 2026, 04:00 PM
বগুড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের হুইলচেয়ার উপহার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। অন্যদিকে তাদেরকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দিয়েছে শিশু- কিশোরেরা।
শুক্রবার দুপুর ১২টায় বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের জন্য এই অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করে সিএসএফ গ্লোবাল নামের একটি সংগঠন।
এ সময় তারেক রহমান বলেন, “আমাদের কারো না কারো ঘরে এরকম শিশু-কিশোররা আছে। এই শিশুদের আমরা ঘরে বন্দী করে রাখি। সমাজে অবহেলা করি।

“কিন্তু এরা অত্যন্ত প্রতিভাবান। এদের জন্য সমাজের সব প্রতিবন্ধকতা তুলে নিয়ে ভবিষ্যৎ দেশ গড়ার সঙ্গে সম্পৃক্ত করা উচিত এবং আমরা তাই করতে চাই।”
জুবাইদা রহমান বলেন, “আমি অভিভূত এইসব শিশুদের প্রতিভা দেখে। তারা গান গাইছে, কবিতা আবৃত্তি করছে, লেখালেখির মাধ্যমে নিজেদের বিকশিত করছে। আমরা ভবিষ্যতে তাদের পাশে আছি এবং থাকব।”
এ সময় শিশুরা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটিও গেয়ে শোনায় তারেক রহমানকে।

সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এম এ মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম) এর ধানের শীষের প্রার্থী মো. মোশারফ হোসেন।
এরপর তারেক রহমান নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করা বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেখানে তিনি মা খালেদা জিয়া ও দেশবাসীর জন্য মোনাজাত করেন।

পরে তিনি বলেন, “এই মসজিদের কাজ আমিই শুরু করেছিলাম কিন্তু মাঝপথে নানা প্রতিকূলতা এবং দেশের বাইরে থাকায় বাকীটা করতে পারিনি। আমি এখন এই মসজিদের বাকী কাজসহ বগুড়ার আধুনিক মসজিদ হিসাবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। ”
পরে বেলা ২ টার দিকে তারেক রহমান নির্বাচনি জনসভায় অংশ নিতে রংপুরের উদ্দেশ্য রওনা হন।