Published : 22 Jan 2026, 02:03 PM
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-১ (সদর) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিযেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শেরপুর-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ বুধবার রাতে এ কথা জানিয়েছেন।
শফিকুল ইসলাম শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নোটিসে বলা হয়, নির্বাচনি প্রতীক বরাদ্দ ও প্রচার শুরুর তারিখের দিন ২১ জানুয়ারি বেলা ১টায় প্রতীক পাওয়ার পর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মিছিল ও বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন শফিকুল ইসলাম। যা অভিযোগে সংযুক্ত ভিডিও পর্যালোচনায় বিষয়টি সত্য বলে প্রতীয়মান হয় ।
এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৯, ১৬, ১৮ ও ৩০ লঙ্ঘনের মধ্যে পড়ে। এর আগে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন।
এ অবস্থায় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে কেন প্রতিবেদন প্রদান করা হবে না- সে বিষয়ে সশরীরে উপস্থিত হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে নোটিসে।