Published : 20 Mar 2026, 11:42 AM
ঈদের আগের দিনও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক ধরে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। স্বাভাবিকের তুলনায় গণপরিবহন কম থাকার কারণে বাসের তীব্র সংকট দেখা দিয়েছে।
ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছে না ঘরমুখো মানুষ। অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন।
যদিও হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে যানবাহনের চাপ খুব কম; তবুও ঈদের আগের দিন উত্তরাঞ্চলের মানুষ ‘স্বস্তিতে’ বাড়ি ফিরছেন।
শুক্রবার সরেজমিন মহাসড়কের রাবনা ও এলেঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে যায়, কেউ একা, কেউ পরিবার নিয়ে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছে।

যাত্রীদের অনেকের অভিযোগ, শেষ মুহূর্তে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
নীলফামারীর ডিমলাগামী যাত্রী মিজানুর রহমান বলছিলেন, “আমি টাঙ্গাইলে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করি। গত দুদিন মহাসড়কে যানবাহনের খুব চাপ ছিল। শুনেছি মানুষের খুব ভোগান্তি হয়েছে।
“তাই ঈদের আগের দিন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু লাভ হয় নাই। দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও ডিমলার কোনো বাস পাইনি।
বগুড়াগামী আক্কাস আলী বলেন, “এক বাস পেয়েছিলাম। কিন্তু দাঁড়িয়ে যেতে হবে, ভাড়াও দ্বিগুণ চেয়েছে। স্বাভাবিক সময়ে ৪০০ থেকে ৫০০ টাকায় বাড়ি যেতে পারলেও সেখানে আজকে ৮০০ টাকা দাবি করছে।”

হাসনা বেগম বলেন, “বাস নাই, তাই পিকআপ ভ্যানে করে রংপুর যাচ্ছি। সকালে রোদ পুড়েছি। কিছুক্ষণ পর বৃষ্টি হতে পারে।
“বৃষ্টি হলে ভিজতে হবে। আমার মতো নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই।”
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরিফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ খুব কম। ঈদের আগের দিন স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।