১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের অনুমতি মেলেনি, ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য বুড়িমারীতে আটকা

বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে দুটি চালান ভুটানে যাবে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 08:37 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানে পরীক্ষামূলকভাবে ট্রানশিপমেন্ট পণ্য পাঠানোর উদ্যোগ আটকে গেছে।

ভারতের অনুমতি না মেলায় পণ্যবাহী কনটেইনারটি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকে আছে বলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন জানান।  

বন্দর সংশ্লিষ্টরা জানান, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেডের পাঠানো ছয় ধরনের পণ্যের কনটেইনারটি ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি, শ্যাম্পুসহ আরও কিছু পণ্যের চালানটি ভুটানে যাওয়ার কথা ছিল।

বাংলাদেশ-ভুটান প্রটোকল চুক্তির অংশ হিসেবে চলতি বছরের এপ্রিলে দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে দুটি চালান ভুটানে যাবে।

চট্টগ্রাম থেকে কনটেইনারটি ২৮ নভেম্বর বুড়িমারী স্থলবন্দরে পৌঁছায়। এরপর ২৮ ও ২৯ নভেম্বর কয়েক দফা প্রচেষ্টা চালিয়েও সেটি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করানো সম্ভব হয়নি। কারণ, চালানটি নিতে ভারতের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের অনুমোদন এখনো মেলেনি।

বেনকো লিমিটেডের প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন বলেন, “চট্টগ্রাম থেকে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালানটি বুড়িমারীতেই আছে। ভারত অনুমতি দিলে আমরা পাঠাতে পারব।”

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার থেকেই কনটেইনারটি বন্দরের ইয়ার্ডে রাখা হয়েছে।

বুড়িমারী কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, “ভুটানের চালানের সব কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন। ভারতীয় কাস্টমস অনুমতি দিলেই আমরা পণ্যটি ভুটানের দিকে ছাড়তে পারব।”