শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাক কাড়ল বাইক আরোহীর প্রাণ
ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাদলা এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মো. শাহিনুর রহমান জানিয়েছেন।
নিহত ৩০ বছর বয়সী হৃদয় হোসেন বগুড়ার শেরপুর থানার মামুরশাহি গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।
তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এসআই শাহিনুর বলেন, “বগুড়া থেকে মোটরসাইকেল চালিয়ে পাবনার বেড়া উপজেলায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন হৃদয়। পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ট্রাকটি পালিয়ে গেছে এবং এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি।
