ধামরাইয়ে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার
মামলার পর থেকে তারা পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে সাভারের আশুলিয়ার নবীনগর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।
গ্রেপ্তাররা হলেন- ধামরাইয়ের উপজেলা সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন (৫৮), ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নবযুগ কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম (৩০) ও ছাত্রলীগ নেতা আহাদ হোসেন (৩২) ।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ অগাস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এ সময় ১৮ বছরের কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর ৮ অগাস্ট সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ অগাস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা এই মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।
