১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কারা হেফাজতে রোয়াল বমের মৃত্যু ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’: ইউপিডিএফ

কারাগারে আটক বমদেরসহ ইউপিডিএফ নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ারও দাবি জানান হয় বিবৃতিতে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 06:35 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দী ভান লাল রোয়াল বমের মৃত্যুকে ‘পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’ বলে দাবি করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ। 

বৃহস্পতিবার কারাগারে ভান লাল রোয়াল বমের (৩৫) মৃত্যুর ঘটনায় শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় পার্বত্য চট্টগ্রামভিত্তিক সংগঠনটি। 

ইউপিডিএফের কেন্দ্রীয় সিনিয়র সদস্য সচিব চাকমা সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “ভান লাল রোয়াল বমের মৃত্যু ছিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তৃতীয় হেফাজতী মৃত্যুর ঘটনা, যা যে কোনো বিবেকবোধ সম্পন্ন মানুষকে উদ্বিগ্ন না করে পারে না।  

“ইতিপূর্বে ১৫ মে লাল ত্লেং কিম বম (৩০) ও ১ জুন লালসাং ময় বম (৫৫) কর্তৃপক্ষের অবহেলায় সুচিকিৎসার অভাবে চট্টগ্রাম কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন।”

বিবৃতিতে আরও বলা হয়, “কারাগারে বম জাতিগোষ্ঠীভুক্ত বন্দিদের একের পর এক হেফাজতী মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয় এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো ভাবেই এর দায় এড়াতে পারে না।”

বিবৃতিতে কারা কর্তৃপক্ষের ‘দৃশ্যত ইচ্ছাকৃত অবহেলার’ অভিযোগ তুলে বলা হয়, “আটক বমদের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের বিরুদ্ধে রাষ্ট্রের পরিচালিত জাতিগত নিধন বা এথনিক ক্লিনজিং নীতির অংশ।”

কারাগারে আটক বমদেরসহ ইউপিডিএফ নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ারও দাবি জানান হয় সংগঠনটির বিবৃতিতে। 

এ বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, “বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যেভাবে হচ্ছে ঠিক সেভাবে কারানির্যাতনের মাধ্যমে বমরা মারা যাচ্ছে। বম জাতিগোষ্ঠীর উপর দমন-নিপীড়নের অংশ হিসেবে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে।

“আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শিশু ও নারীসহ বন্দি নিরীহ বমদের মুক্তির দাবি জানাচ্ছি,” যোগ করেন তিনি।