Published : 29 Apr 2026, 12:59 PM
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে এক চালকের প্রাণ গেছে।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কাঁঠালিয়া থানার এসআই সোহেল রানা জানিয়েছেন।
নিহত ট্রলি চালক ৩০ বছর বয়সী জাহিদুল হাওলাদার ওই এলাকার ইউনুস হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বালুবোঝাই ট্রলি নিয়ে কাজ করছিলেন জাহিদুল। এ সময় ট্রলিটি পেছনের গিয়ারে নেওয়ার সময় হঠাৎ বালুর মধ্যে চাকা দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ উঁচু হয়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ছিটকে পড়ে যান।
পড়ে গিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই সোহেল রানা জানান, “প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”