Published : 13 Jul 2025, 09:05 PM
ভাতা বাড়ানো এবং সাপ্তাহিক ছুটির দাবিতে কুষ্টিয়া পৌরসভার ফটকের সামনে ময়লা-আবর্জনা ঢেলে কর্মবিরতি পালন করেছে দৈনিক মজুরি ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীরা।
রোববার দুপুরে তারা কর্মবিরতি পালন করেন। এক ঘণ্টা পর কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
পরিচ্ছন্নতা কর্মীরা জানান, পৌরসভায় প্রায় ৪৮০ জন কর্মী পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছেন। দৈনিক তাদের ২৭৫ টাকা করে ভাতা দেওয়া হয়।
শ্রমিক রমিজ আলী বলেন, “বর্তমান বাজারে ৫০০ টাকার নিচে কোনো দিনমজুর নেই। অথচ প্রতিদিন ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শেষে ২৭৫ টাকা পাই। এর মধ্যে শরীর পরিষ্কার করতেই ৫০ টাকা চলে যায়। বাকি ২২৫ টাকায় এখনকার সময়ে পরিবার নিয়ে চলা যায় না।
“দীর্ঘ দিন ধরেই আমরা স্যারেদের দাবি জানায়ে আসছি। কিন্তু আমাদের কোনো কথা পাত্তাই দেন না তারা। তাই আজকে বাধ্য হয়ে দাবি আদায়ে পৌরসভা গেইটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করছি। এবারও যদি দাবি না মানে তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। আগামী দুই-একদিনের মধ্যেই আশা করা যায়, বিদ্যমান বাস্তবতার আলোকে একটা সুন্দর গ্রহণযোগ্য সিদ্ধান্ত দিতে পারব।”