Published : 17 Oct 2025, 11:25 AM
নির্বাচনে জয় লাভের পর রাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএস সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন। তারা বলেছেন, যারা পরাজিত হয়েছেন, তাদেরও পরামর্শ নেবেন।
শুক্রবার সকালে রাকসু নির্বাচনের ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে তারা তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান।
নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “যারা বিজয়ী হয়েছেন, তাদের এই বিজয় নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করা এবং শিক্ষার্থীদের ‘ম্যান্ডেট’ অনুযায়ী কাজ করার আহ্বান জানাই।
“নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক। আমরা সবাই মিলে এই ক্যাম্পাসকে গড়ে তুলব।”
নবনির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মার বলেছেন, “শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে, তারা মনে করেছে আমি তাদের জন্য কাজ করতে পারব। এজন্য শিক্ষার্থীদের কাছে কৃতজ্ঞতা জানাই; দীর্ঘদিন ধরে আমাদের যে ভাই-বোনেরা বিভিন্ন লড়াই-সংগ্রাম করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে সরব ছিলেন- তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।”
ক্যাম্পাসে কোনো ‘শত্রু নাই’ মন্তব্য করে তিনি বলেন, “সবাই আমাদের সহযোদ্ধা। সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ব। আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাই একসঙ্গে কাজ করব।”
নিজের এই বিজয় আম্মার উৎসর্গ করেছেন ‘আধিপত্যবিরোধী’ লড়াইয়ে থাকা সবাইকে।
আম্মার বলেন, “ফিলিস্তিনের নির্যাতিতদের আমি এই বিজয় উৎসর্গ করছি। একই সাথে আমার বাবাকে, যিনি নির্যাতিত হয়ে কারাবরণ করেছেন। আমার মাকে, যিনি আমার আন্দোলন-সংগ্রানে সব সময় পাশে থেকেছেন, পরামর্শ দিয়েছেন।”
সাড়ে তিন দশক বাদে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (রাকসু) ভিপি, এজিএসসহ ২০টি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। বাকি তিনটি পদের মধ্যে কেবল ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন জয় পেয়েছেন ছাত্রদলের প্যানেল থেকে।
জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত সমন্বয়ক ছিলেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সহ-সভাপতি।