১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফোবানায় ‘বঙ্গবন্ধু কর্নার’ দৃষ্টি কাড়ছে প্রবাসীদের

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “বাঙালি যেখানে যাবে সেখানেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে।"

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 01:01 PM

Updated : 05 Sep 2022, 07:22 PM

যুক্তরাষ্ট্রে ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার’ (ফোবানা) ৩৬তম কনভেনশনে স্থাপন করা ‘বঙ্গবন্ধু কর্নার’ প্রবাসীদের দৃষ্টি কাড়ছে।

শুক্রবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ম্যারিয়ট বারব্যাক হোটেলের বলরুমে তিনদিনের এ কনভেনশন শুরু হয়েছে।

সম্মেলনে ঢাকা থেকে টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, “বাঙালি যেখানে যাবে সেখানেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে, এটাই তো হবে আমাদের জাতীয় আদর্শ। বঙ্গবন্ধু কর্নার তারই প্রতিফলন ঘটাচ্ছে।”

আয়োজকরা জানান, উত্তর আমেরিকা প্রবাসীদের ৩৫ বছরের সংগঠন ফোবানায় এবারই প্রথম পুরো কনভেনশনকে উৎসর্গ করা হয়েছে জাতির পিতার স্মৃতির প্রতি। বঙ্গবন্ধু সেন্টার ঘিরে কনভেনশনে আগতদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, বিশেষ করে নতুন প্রজন্মের আগ্রহ বেশি।

সেন্টারের তত্ত্বাবধানে রয়েছেন ফোবানার সাবেক চেয়ারপারসন ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী।

তিনি বলেন, "বঙ্গবন্ধু ও বাংলাদেশ যেমন এক ও অভিন্ন, ঠিক একই চেতনায় আমি ফোবানার সব কার্যক্রমকে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছি। এজন্য ভিন্ন মতাবলম্বী কেউ কেউ আমার সঙ্গে দ্বিমত পোষণ করলেও এখন গা সওয়া সয়ে গেছে।”

জাকারিয়া বলেন, “এবারের কনভেনশনের মঞ্চ সাজানো হয়েছে পদ্মাসেতুর দৃষ্টিনন্দন ছবি দিয়ে। আর কনভেনশনের স্লোগান ‘আমরা করবো জয়’।”

কনভেনশনের বিশেষ অতিথি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ আব্দুল কাদের মিয়া বলেন, “খুব ভালো লাগছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির প্রতি ফোবানার এমন ভালবাসা ও আন্তরিক শ্রদ্ধাবোধ দেখে।”

ঢাকা থেকে আসা অভিনেত্রী তারিন জাহান বলেন, “অনেকবারই এসেছি ফোবানা কনভেনশনে। এবার ব্যতিক্রম দেখছি। এ কর্নারে বঙ্গবন্ধুর পোট্রেট ছবি ও বই আছে। প্রবাসে বেড়ে উঠেছে কিংবা জন্মেছে, নানা কারণে বাংলাদেশ দেখেনি, তাদের কাছে বাঙালি জাতির মহানায়কের জীবন-ইতিহাস উপস্থাপন এবং আমাদের যে সংস্কৃতি ও কৃষ্টি রয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের যে স্বাধীনতা, তা জানানো সম্ভব হবে।”

ফোবানার চেয়ারপারসন আতিকুর রহমান ও সাবেক চেয়ারপারসন বেদারুল ইসলাম বাবলাও ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনে উচ্ছ্বাস প্রকাশ করেন।