Published : 09 Sep 2022, 01:22 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট ক্লাব ইউএসএ’।
রোববার নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে এ আয়োজন করেন তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দুই পর্বে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। প্রথম পর্বে ছিল উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালি। দ্বিতীয় পর্বে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এদিন দুপুরের পর থেকেই জড়ো হতে থাকেন জ্যাকসন হাইটসে। টি-শার্ট বিতরণের পর শুরু হয় র্যালি, এটি পরিচালনা করেন মুহাম্মদ শহীদুল্লাহ। সাবেক শিক্ষার্থীরা বাঁশি, ঢোল-তবলা বাজিয়ে, গান গেয়ে র্যালি আনন্দঘন করে তোলেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। দেখানো হয় তথ্যচিত্র। তার আগে মুহাম্মদ শহীদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট ক্লাব ইউএসএ-এর আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম।
সন্ধ্যায় কেক কাটার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। মহুয়া মৌরি ও মুহাম্মদ শফীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন মো. মাসুদুল ইসলাম, নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলাম, ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল ইসলাম, জাতিসংঘের সহকারী মহাসচিবের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজিং অফিসার লোকমান হোসাইন। গ্র্যাজুয়েট ক্লাবের পক্ষে বক্তব্য দেন মো. রোকানুজ্জামান ও মহসিন উদ্দীন মোল্লা।
অনুষ্ঠানের নানা আয়োজনে ছিল- র্যাফেল ড্র, তথ্যচিত্র প্রদর্শন, বক্তৃতা, স্মৃতিচারণ, দলীয় ও একক সংগীত, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো, নৃত্য পরিবেশনা, ক্যাম্পাসভিত্তিক নাটিকা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন সম্পাদনা করেছেন মুহাম্মদ শহীদুল্লাহ, সিলভিয়া সাবেরীন ও মামুন রশীদ।