১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্যারিসে ভোটাধিকারের দাবিতে প্রবাসীদের সমাবেশ

রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে লিখিত স্মারকলিপি পৌঁছে দেন প্রবাসীরা।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 06:56 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ভোটাধিকারের দাবিতে প্যারিসে সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা।

‘বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স’-এর ব্যানারে মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসের সামনে এ সমাবেশ করেন তারা। 

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবুল খায়ের লস্কর। সাধারণ সম্পাদক ইমরান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম। 

এছাড়া বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, ওবায়দুল্লাহ কয়েছ, মীর জাহান, মুহাম্মদ নূরুল ইসলাম, মনিরুল ইসলাম, রাবেয়া আক্তার সুবর্ণা, নয়ন মামুন, মুসলিম উদ্দিন, মো. আব্দুল মালিক হিমু, ফারিয়া মাহবুবা আলম, শিউলি গিয়াস, আরিফুর রহমান, জিয়া উদ্দিন চৌধুরী ও ওমর ফারুক। এছাড়া ফরাসি ভাষায় বক্তব্য দেন শুভেচ্ছা শেখ।

বক্তারা অভিযোগ করেন, “গত ৫৪ বছরে কোনো সরকারই প্রবাসীদের এই মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সত্যিকারের আন্তরিকতা দেখায়নি। অথচ প্রবাসীরা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখছেন।”

বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, “এবার যদি প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা না করা হয়, তাহলে ভবিষ্যতে হয়তো আর সুযোগ পাওয়া যাবে না। তাই প্রবাসীদের অবদানকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাদের ন্যায্য ভোটাধিকারের ব্যবস্থা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে করতে হবে।”

প্রবাসীদের আশা, এ বিষয়ে নির্বাচন কমিশন দৃশ্যমান উদ্যোগ নেবে এবং প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করবে।

সমাবেশ শেষে দেশাত্মবোধক গান পরিবেশন এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে লিখিত স্মারকলিপি পৌঁছে দেন প্রবাসীরা।