০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাহরাইনে বাংলাদেশি শিল্পীদের চিত্রপ্রদর্শনী শুরু

শিল্পকর্মগুলোতে বাংলাদেশের জনজীবন, ঐতিহ্য, দর্শনীয় স্থান এবং বিভিন্ন উৎসবের চিত্র ফুটে উঠেছে।

বিডিনিউজ২৪

সুকান্ত দেব, বাহরাইন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 03:08 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

বাহরাইনে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরতে ‘ফ্রম দ্য কোর টু দ্য পেরিফেরি: এ ক্যালাইডোস্কোপিক জার্নি’ শিরোনামে একটি চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। 

বাংলাদেশ দূতাবাস এবং বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজ (বিএসিএ) যৌথভাবে ১১ দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে।

রোববার রাজধানী মানামায় শুরু হওয়া এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন ৪ চিত্রশিল্পী।

তারা হলেন জামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা চাকমা এবং শাহনাজ কুহু।

মোট ৪০টি চিত্রকর্ম এতে স্থান পেয়েছে। শিল্পকর্মগুলোতে বাংলাদেশের জনজীবন, ঐতিহ্য, দর্শনীয় স্থান এবং বিভিন্ন উৎসবের চিত্র ফুটে উঠেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসিএ-এর মহাপরিচালক ফারাহ মোহাম্মদ মাত্রার এবং বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ রাশেদ আল সোয়েদী। 

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বিভিন্ন দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের নিয়ে প্রদর্শনীটি পরিদর্শন করেন।

রাষ্ট্রদূত বলেন, “এ আয়োজনের মূল লক্ষ্য বাহরাইনের মানুষের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়া। এটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে বলে আশা করছি।”

প্রদর্শনী চলবে আগামী ১৭ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য এটি উন্মুক্ত থাকবে।