১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় লরি উল্টে ২ বাংলাদেশি শ্রমিক নিহত

লরিটি সামনের একটি গাড়ি অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, বলছে পুলিশ।

মালয়েশিয়ায় লরি উল্টে ২ বাংলাদেশি শ্রমিক নিহত
ছবি- নিউ স্ট্রেইটস টাইমস।

রফিক আহমদ খান রফিক আহমদ খান

মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2026, 11:10 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

মালয়েশিয়ায় লরি উল্টে দুই বাংলাদেশি শ্রমিকের প্রাণ গেছে।

শনিবার দুপুরে পাহাং রাজ্যের রোমপিনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস লিখেছে।

নিহতরা হলেন- মো. কাদের (৩৪) ও মো. ডালিম (৩০)। দুজনেই পাম বাগানে কাজ করতেন। 

দুর্ঘটনায় মোহাম্মদ আসকার (৪১) নামে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে সেগামাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে লরিচালক কিরণ (৪৫) অক্ষত রয়েছেন।

রোমপিন জেলা পুলিশ প্রধান শরিফ শাই বলেন, হতাহতরা সেগামাত এলাকার। তারা একটি লরি নিয়ে ফেল্ডা রেডং থেকে ফেল্ডা সেলাকারের দিকে যাচ্ছিলেন। লরিটিতে পাম বাগানে ব্যবহারের রাসায়নিক ছিল।

প্রাথমিক তদন্তের তথ্যে তিনি বলেন, লরিটি সামনের একটি গাড়ি অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দ্রুতগতির লরিটি তখন রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ বলছে, লরি চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। লরিটির রোড ট্যাক্সের মেয়াদও পার হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশি শ্রমিকদের কাজের বৈধ নথিপত্র ছিল।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাহাং প্রদেশের মুয়াদজাম শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।