১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুবাইয়ে পোস্টাল ব্যালটে ভোটদান নিয়ে প্রচারণা সভা

প্রবাসীদের প্রতি সতর্কবার্তা রাষ্ট্রদূতের, “ব্যালট গোপনীয় আমানত, সোশ্যাল মিডিয়ায় শেয়ার নয়।”

বিডিনিউজ২৪

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 11:51 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটদান নিশ্চিত করতে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সোমবার আয়োজিত এ সভায় জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ভোটাররা ভোটের এক থেকে দেড় মাস আগে ডাকযোগে তাদের ব্যালট পেয়ে যাবেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

তিনি প্রবাসীদের পোস্টাল ব্যালট ব্যবহারে সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, “ব্যালট ভোটারের গোপনীয় আমানত, এটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ বা অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

সভায় প্রবাসী সাংবাদিক ও অতিথিদের পোস্টাল ব্যালট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। পাশাপাশি ব্যালটের আবেদন পদ্ধতি, জমাদানের ধাপ এবং প্রবাসী ভোটারদের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। বিদেশে অবস্থানরত নাগরিকেরা যাতে নিজ নিজ স্থানে থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন, নির্বাচন কমিশনও এই বিষয়ে ইতোমধ্যে বিস্তৃত প্রচার-প্রচারণা চালাচ্ছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার, শ্রম কাউন্সেলর আব্দুস সালাম, কনস্যুলেটের প্রেস সচিব আরিফুর রহমানসহ গণমাধ্যমকর্মী এবং প্রবাসী কমিউনিটির নেতারা।