২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মালদ্বীপে হাই কমিশনারের সঙ্গে প্রবাসী সাংবাদিকদের সভা

প্রবাসীদের বিভিন্ন জটিলতা ও সেবা সহজীকরণসহ নানা বিষয় আলোচনায় উঠে আসে।

বিডিনিউজ২৪

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 12:26 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মো. সোহেল পারভেজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দেশটিতে কর্মরত প্রবাসী গণমাধ্যমকর্মীরা।

এতে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন জটিলতা, বিশেষ করে নতুন কর্মীদের ফ্রি ভিসার মাধ্যমে আসার প্রবণতা রোধ, রেমিট্যান্স প্রেরণে ব্যাংকিং সেবা সহজীকরণসহ নানা বিষয় উঠে আসে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রাজধানী মালেতে এক রেস্তোরাঁর মিলনায়তনে এই সভার আয়োজন করে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘প্রবাসী সাংবাদিক ফোরাম মালদ্বীপ’। 

সভায় মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত হাই কমিশনার বলেন, “দেশের বাইরে থেকে বাংলাদেশের গণমাধ্যমে কাজ করা একটি চ্যালেঞ্জিং কাজ। বিদেশে বসে নিজস্ব পেশার পাশাপাশি সাংবাদিকতা করা নিঃসন্দেহে একটি কঠিন ও সম্মানজনক দায়িত্ব।”

প্রবাসী সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, “মালদ্বীপে প্রবাসীদের সচেতনতা বাড়াতে এবং দেশ ও প্রবাসের মধ্যে তথ্য সেতুবন্ধন তৈরি করতে সাংবাদিকদের কার্যকর ভূমিকা রয়েছে।” 

পাশাপাশি, দেশের ভাবমূর্তি রক্ষা এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

সভায় মালদ্বীপে যেকোনো একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে, যাতে রেমিট্যান্স প্রেরণ আরও সহজ ও সাশ্রয়ী হয়।

সভায় সাংবাদিকদের মধ্যে এমরান হোসেন তালুকদার, ওমর ফারুক খোন্দকার, মো. মনিরুজ্জামান মনির, মো. রবিউল আলম, আব্দুল্লাহ কাদের, মো. সোহেল রানা ও মো. আনোয়ার হোসেন রাজু উপস্থিত ছিলেন।