Published : 08 Jun 2026, 12:21 AM
যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) ৩ বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।
তারা হলেন- সার্জেন্ট পদে তান্নি চন্দা এবং ডিটেকটিভ পদে সাফায়েত জামিল ও আশফাকুর রহমান। তিনজনই বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সদস্য।
বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্কে এনওয়াইপিডি পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ ঘোষণা আসে।
এতে প্রধান অতিথি ছিলেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ। তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেন।
এ অর্জনে কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)। সংগঠনের সভাপতি ক্যাপ্টেন এ কে এম আলম, ভাইস প্রেসিডেন্ট ডিটেকটিভ স্কোয়াডের সার্জেন্ট এরশাদুর সিদ্দিক এবং সেক্রেটারি ডিটেকটিভ জামিল সারোয়ার এক যৌথ শুভেচ্ছা বার্তা দেন।
এতে বলা হয়, “এই সাফল্য কেবল সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি সমগ্র বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের ও অনুপ্রেরণার।”
বাপার মিডিয়া লিয়াজোঁ সার্জেন্ট জসিম মিয়া বলেন, “সদস্যদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের যথাযথ স্বীকৃতি হিসেবেই এ পদোন্নতি এসেছে। তাদের এই সাফল্য আগামী প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান তরুণদের এ পেশায় যোগ দিতে উৎসাহিত করবে।”
নিউ ইয়র্ক পুলিশের ৪০ হাজারেরও বেশি সদস্যের মধ্যে বর্তমানে প্রায় ৪ হাজার বাংলাদেশি-আমেরিকান কর্মরত। তাদের মধ্যে অনেকেই কর্মদক্ষতায় নিয়মিত পদোন্নতি পাচ্ছেন।