১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

ফুড ডেলিভারির পথে দুর্ঘটনা, কোমা থেকে আর ফিরলেন না তিনি।

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু
নিহত রুবেল আহমদ (৩৫)।

বিডিনিউজ২৪

জাহাঙ্গীর কবীর বাপ্পি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 10:19 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১০ দিন আইসিইউতে থাকার পর শেষ পর্যন্ত প্রাণ হারালেন এক বাংলাদেশি প্রবাসী। 

নিহত রুবেল আহমদের (৩৫) বাড়ি সিলেটের মোগলাবাজার উপজেলার কলদিয়ার চর এলাকায়। বাবার নাম মনফর আলী।

শুক্রবার রাতে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান রুবেলের কর্মস্থল ‘ক্লিক ডেলিভারি সার্ভিস’-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুস শহীদ। 

তিনি বলেন, “১৯ নভেম্বর রাত সাড়ে বারোটার দিকে মুরুর রোডের আল বাতিন পুরনো বিমানবন্দর এলাকার কাছে ফুড ডেলিভারি দিতে যাচ্ছিলেন রুবেল। এসময় একটি ট্রাক পেছন দিক থেকে তার মোটরবাইক এবং আরেকটি ডেলিভারি কোম্পানির মিশরীয় রাইডারের মোটরবাইককে ধাক্কা দেয়।

“পাকিস্তানি এক ড্রাইভার চালিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মিশরীয় রাইডার। রুবেলকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।”

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে।

গত পাঁচ বছর ধরে আমিরাতে বসবাস করছিলেন রুবেল আহমদ। দেশে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছেন।

রুবেল আহমদের লাশ বর্তমানে আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। আমিরাতে জাতীয় দিবসের ছুটি শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে লাশ দেশে পাঠানো হবে বলে তার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।