১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রে আ. লীগের বিক্ষোভ

সহিংসতার জন্য জামায়াত-বিএনপিকে দায়ী করেন তারা।

বাংলাদেশে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রে আ. লীগের বিক্ষোভ
ওয়াশিংটন ডি.সিতে বিক্ষোভ করছে আওয়ামী লীগ

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2024, 11:05 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো।

বুধবার বিকেলে ওয়াশিংটন ডি.সিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ থেকে সহিংসতার জন্য জামায়াত-বিএনপিকে দায়ী করেন তারা।

সমাবেশে বক্তারা জামায়াত-বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। দাবির পক্ষে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ডেস্কের কর্মকর্তা সিয়েরা দেহম্যান্ডের কাছে একটি স্মারকলিপি দেন।

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহযোগিতায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুল হাসান। সভা পরিচালনা করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।

উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

ফ্লোরিডায় প্রতিবাদ সমাবেশ

ফ্লোরিডায় প্রতিবাদ সমাবেশ

এর আগে রোববার সন্ধ্যায় ফ্লোরিডায় স্টেট আওয়ামী লীগের এক মানববন্ধন থেকেও একই দাবি জানানো হয়।

স্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নান্নু আহমদের সভাপতিত্বে যৌথভাবে সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার খান দিপু ও যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

মানববন্ধন থেকে নেতারা অভিযোগ করেন, কোটা সংস্কারের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত এবং বিএনপি বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে।