১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুয়েতে বাংলাদেশিদের ফল উৎসব, মুগ্ধ স্থানীয়রাও

নিজ দেশের ফলের স্বাদ ও স্মৃতি ফিরে পাওয়ার এই আয়োজনকে ঘিরে প্রবাসীদের মধ্যে তৈরি হয় প্রাণচাঞ্চল্য।

বিডিনিউজ২৪

আ হ জুবেদ, কুয়েত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 09:07 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ফল উৎসব। এতে অংশ নিয়ে মুগ্ধতা জানিয়েছেন স্থানীয়রাও। 

শুক্রবার বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ উৎসব আয়োজন করে ‘বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত’। 

প্রবাসে বসেই নিজ দেশের ফলের স্বাদ ও স্মৃতি ফিরে পাওয়ার এই আয়োজনকে ঘিরে প্রবাসীদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। উৎসবে আম, কাঁঠাল, লিচু, জাম, আনারস, কলা, পেঁপে ও তরমুজসহ নানা প্রকার দেশি ফলের পসরা সাজানো হয়। স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হলেও পরিবেশনা ও বিন্যাসে ছিল বাংলাদেশের আবহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও ইসমাইল হোসেন।

প্রধান অতিথি ছিলেন কুয়েত সিটির জ্যেষ্ঠ পৌর কর্মকর্তা খালেদ সুলতান আল-ওয়াতাইবি। 

তিনি বলেন, “বাংলাদেশি ফলের স্বাদ সত্যিই অভূতপূর্ব। বিশেষ করে কাঁঠাল ও আম আমাকে মুগ্ধ করেছে। আমি এগুলোর কথা অবশ্যই আমার পরিচিতজনদের বলব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, নাছের উদ্দিন খোকন, আহাদ আম্বিয়া খোকন ও আলাল আহমদ।

ফল উৎসব ঘিরে উৎসাহ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, “অনেকদিন পর এমন দেশি ফল একসঙ্গে দেখে মনে হলো যেন দেশে ফিরে এসেছি। এই আয়োজন প্রবাসজীবনে অনন্য স্বস্তি এনে দেয়।” 

আয়োজকদের ভাষ্য, প্রবাসে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও আনন্দের পরিবেশ গড়ে তোলাই ছিল এই উৎসবের উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তারা।