Published : 11 Apr 2026, 12:13 PM
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সাকিব আলীকে তার জন্মস্থান জর্জিয়ার আটলান্টায় দাফন করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা বেথেলহেম ইসলামিক সেন্টার মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা শেষে মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। জর্জিয়া ইসলামিক ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন জর্জিয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক সিনেটর শেখ রহমান, সিনেটর নাবিলা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, রানা খান, টেনেসির কমিউনিটি নেতা সানি ও মাসুদ, বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, কমিউনিটি নেতা শেখ জামাল।

৩০ বছর বয়সি সাকিব অ্যামাজন মিউজিকে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চিকিৎসক মোহাম্মদ আলী মানিকের একমাত্র ছেলে।
সাকিব লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা হিসেবে পরিচিত মেরিনা ডেল রে সিটির একটি বাসায় একাকী থাকতেন। গত ৪ এপ্রিল থেকেই তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। এ অবস্থায় বাবা মানিক ও মা শাকিরা আলী ৬ এপ্রিল জর্জিয়ার আটলান্টা থেকে মেরিনা ডেল রে সিটিতে যান।
সাকিবের বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে অ্যাপার্টমেন্টের সুপারভাইজারের কাছে থেকে কোড সংগ্রহ করে দরজা খোলে। এসময় শয়নকক্ষের মেঝেতে সাকিবের লাশ পড়েছিল। ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন, সাকিব হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

ময়নাতদন্ত শেষে ৭ এপ্রিল সাকিবের লাশ তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। পরদিন লস অ্যাঞ্জেলেসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
সাকিবের বাবা ডা. মোহাম্মদ আলী মানিক সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তার একমাত্র পুত্রের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।
তথ্যপ্রযুক্তিতে উচ্চতর ডিগ্রি অর্জন করে সাকিব আটলান্টাতেই টেলিকম কোম্পানি এটিঅ্যান্ডটি’তে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর যোগদান করেন অ্যামাজনে। পরে এ কোম্পানিতেই ফ্লোরিডা হয়ে লস অ্যাঞ্জেলেসে থিতু হয়েছিলেন তিনি।
উল্লেখ্য, তথ্য-প্রযুক্তিতে উচ্চতর ডিগ্রি গ্রহণের পর সাকিব আটলান্টাতেই এটিএন্ডটি-তে চাকরি নিয়েছিলেন। এরপর যোগদান করেন অ্যামাজনে। অ্যামাজন তাকে ফ্লোরিডায় বদলি করে। এরপর ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেসে বদলি করা হয় প্রমোশন দিয়ে মাত্র ৬ মাস আগে। সেই সুবাদে লসএঞ্জেলেসে অভিজাত এলাকা হিসেবে পরিচিত মেরিনা ডেল রে সিটিতে একটি এপার্টমেন্ট ভাড়া নিয়ে একাকী থাকতেন সাকিব আলী।