১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২ বাংলাদেশির কাজের অনুমতি বাতিল

রিশাদ ও সাহেদুলকে গেল ৮ জুলাই দেশে ফেরত পাঠানো হয়। পরের দিন তাদেরকে রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত।

সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২ বাংলাদেশির কাজের অনুমতি বাতিল
আদালতে সিঙ্গাপুর রিশাদ তায়ানী ও সাহেদুল ইসলাম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 05:31 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উগ্রবাদী’ পোস্ট দেওয়ার অভিযোগে দেশে ফেরত পাঠানো দুই বাংলাদেশির কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করে দিয়েছে সিঙ্গাপুর।

শুক্রবার দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি) এ তথ্য দিয়েছে বলে সিএনএর খবরে বলা হয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যমটি লিখেছে, ওই দুই ব্যক্তি সিঙ্গাপুরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এমন কোনো তথ্য এখনও তদন্তে পাওয়া যায়নি।

দুই বাংলাদেশির নাম রিশাদ তায়ানী ও সাহেদুল ইসলাম। তদন্ত শেষে গত ৮ জুলাই তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়।

দেশে ফেরার দিনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরের দিন আদালতে তোলা হলে বিচারক তাদেরকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

আইএসডি বলেছে, বাংলাদেশি উগ্র ইসলামপন্থি লেখক শফিউর রহমান ফারাবির প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন রিশাদ। 

ফারাবির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ও নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে সাহেদুলের বিরুদ্ধে বিভেদমূলক ধর্মীয় মতামত প্রকাশের অভিযোগ থাকার কথা বলেছে আইএসডি।