মালয়েশিয়ার পেনাংয়ে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময়
প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মালয়েশিয়ার পেনাং, কেদাহ ও পেরাক প্রদেশসহ আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কেদাহ প্রদেশের কুলিমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেন এবং বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্বাচন কমিশনের প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, “প্রবাসীরা যেন এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে নির্বাচন কমিশন।”
তিনি আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং কোনো প্রভাবের কাছে তারা নতি স্বীকার করবে না বলেও তিনি উল্লেখ করেন।
সভায় প্রবাসীদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ প্রক্রিয়ার পরিকল্পনা তুলে ধরা হয়। নির্বাচন কমিশনার জানান, অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রবাসীরা ভোটদানের সুযোগ পাবেন। মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিবন্ধন করার পর ব্যালট পেপার ও ফিরতি খাম ডাকযোগে পাঠানো হবে।
প্রবাসীরা ভোট দিয়ে নির্ধারিত খামে তা ফেরত পাঠালে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছাবে। এছাড়া ভোটাররা অনলাইনে তাদের ব্যালটের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন।
ভারপ্রাপ্ত হাই কমিশনার তার বক্তব্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে নির্বাচন কমিশনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “কমিশনের নির্দেশনা অনুযায়ী হাই কমিশন প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় সহায়তা করতে সর্বাত্মক প্রচার-প্রচারণা চালাবে।”
পরে প্রশ্নোত্তর পর্বে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও ভোট নিবন্ধনসংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনার এবং ভারপ্রাপ্ত হাই কমিশনার।
অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
