১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী নারী উদ্যোক্তাদের ‘ঋতুরঙ্গ মেলা’

মেলায় নিজস্ব স্টল সাজিয়ে অংশ নেন উদ্যোক্তারা।

বিডিনিউজ২৪

ফাতেমা রহমান রুমা, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 11:28 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী নারী উদ্যোক্তাদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ঋতুরঙ্গ মেলা’। 

শনিবার দিনব্যাপী ঐতিহ্যবাহী সালবাউ বর্নহাইম মিলনায়তনে ‘জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশন’ এ মেলার আয়োজন করে। 

আয়োজক সংগঠনের উপদেষ্টা কামরুল আহসান সেলিমের সঞ্চালনায় মেলার উদ্বোধন করেন সংগঠনের নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব। 

প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করা এ আয়োজনে ফ্রাঙ্কফুর্ট ও এর আশপাশের শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

মেলার মূল আকর্ষণ ছিল জার্মানিতে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ। এতে নিজস্ব স্টল সাজিয়ে অংশ নেন উদ্যোক্তা স্মিতা মোতালেব, নাদিয়া হোসেন, লিপিকা আহমেদ, নুপুর পপি, বকুল রহমান, মেহেদি আবেশ, তানিম রহমান টুম্পা, ইয়াসমিন শাম্মি আহমেদ মিতা, রেবেকা এলিজাবেথ নেলসন, মরিয়ম হালদার দিপা ও ইলানুর জেবিন ফাহমিদা ইকবাল। 

তাদের স্টলগুলোতে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, বিভিন্ন হস্তশিল্প, সৌন্দর্যসামগ্রী এবং মুখরোচক দেশীয় খাবারের সমাহার দর্শনার্থীদের আকৃষ্ট করে।

মেলার দ্বিতীয় পর্বে ফাতেমা রহমান রুমা ও মুনীব রেজওয়ানের সঞ্চালনায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। 

অনুষ্ঠানে সুরের জাদু ছড়ান রবীন্দ্রসংগীত শিল্পী আঁখি হালদার ও তাপসী রায়। এছাড়া স্মিতা চক্রবর্তী পুরকায়স্থের রবীন্দ্র নৃত্যনাট্যের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকদের মতে, এই মেলা মূলত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক মিলনমেলা। প্রবাসে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে শেকড়ের পরিচয় পৌঁছে দেওয়া এবং প্রবাসী নারী উদ্যোক্তাদের সাফল্যকে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।