১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্ক পুলিশে লেফটেন্যান্ট হলেন বাংলাদেশি রাজুব

তিনি অভিনেতা ও লেখক হিসেবেও সুপরিচিত।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2024, 01:26 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন নোয়াখালীর সন্তান রাজুব ভৌমিক।

সোমবার বাহিনীর সদর দপ্তরে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেন কমিশনার জেসিকা টিশ।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো পৌর পুলিশের একটি এনওয়াইপিডিতে কর্মকর্তা হিসেবে রাজুব কাজ শুরু করেন ২০১২ সালে। 

সন্ত্রাস দমন ইউনিটে দক্ষতা ও সাহসিকতার পরিচয় দেওয়া এই বাংলাদেশি কর্মজীবনের বেশিরভাগ সময় ব্রঙ্কস এলাকায় দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০২১ সালে তিনি সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান।

রাজুব ভৌমিক অভিনেতা ও লেখক হিসেবেও সুপরিচিত। তার অভিনীত সিনেমা ‘পাশা’ সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। তার লেখা কবিতার বই ‘যে ছায়ায় সূর্য হাসে’ প্রকাশিত হবে আগামী একুশে বইমেলায়।

বিভিন্ন ভাষায় প্রকাশিত তার বইয়ের সংখ্যা পঁচিশেরও বেশি। সিটি ইউনিভার্সিটি অব নিউইর্য়কে তার তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।