১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্ক ফিল্ম ফেস্ট: সেরা শাকিব-বুবলী, সম্মাননা পেলেন আহমেদ শরীফ

এবারের আসরে ২০২৩ থেকে ২০২৫ সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউ ইয়র্ক ফিল্ম ফেস্ট: সেরা শাকিব-বুবলী, সম্মাননা পেলেন আহমেদ শরীফ
সেরা অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন আফসান আরা বিন্দু (উনিশ ২০)।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 11:31 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

উৎসবমুখর পরিবেশ আর হলভর্তি দর্শকের অভিবাদনের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘অ্যাল কাউন্টি হোমকেয়ার-নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’। 

চারদিনব্যাপী এবারের উৎসবে আজীবন সম্মাননা স্মারক পেয়েছেন অভিনেতা আহমেদ শরীফ। এছাড়া ‘সেরা অভিনেতা’ হিসেবে শাকিব খান এবং ‘সেরা অভিনেত্রী’ হিসেবে পুরস্কৃত হয়েছেন শবনম বুবলী।

রোববার নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারের মিলনায়তনে বসেছিল এই উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণের আসর। বাংলা চলচ্চিত্রের ৭০ বছর পূর্তির আমেজে আয়োজিত উৎসবে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রবাসে এক খণ্ড বাংলাদেশ যেন মূর্ত হয়ে ওঠে।

আট শতাধিক চলচ্চিত্রের অভিনেতা, ৮৩ বছর বয়সি আহমেদ শরীফের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন উৎসবের টাইটেল স্পন্সর ‘অ্যাল কাউন্টি হোমকেয়ার’-এর প্রধান উপদেষ্টা শেখ রুহুল আমিন এবং কার্যনির্বাহী মোহাম্মদ কাদের শিশির।

প্রতিক্রিয়ায় আহমেদ শরীফ বলেন, “সুদূর প্রবাসে বাংলা চলচ্চিত্রের এমন বিশাল দর্শক তৈরি হওয়া অত্যন্ত আশাব্যঞ্জক।”

মোহাম্মদ কাদের শিশির বলেন, “যুক্তরাষ্ট্রে বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল চালু রাখতে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। চলচ্চিত্রের মাধ্যমেই নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতিকে পৌঁছে দেওয়া সম্ভব।”

সম্মাননা নিচ্ছেন আহমেদ শরীফ (মাঝে)।

সম্মাননা নিচ্ছেন আহমেদ শরীফ (মাঝে)।

এবারের আসরে ২০২৩ থেকে ২০২৫ সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যারা যারা পুরস্কার পেলেন- সেরা অভিনেতা: শাকিব খান (প্রিয়তমা), সেরা অভিনেত্রী: শবনম বুবলী (দেয়ালের দেশ), সেরা পরিচালক: হৃদি হক (১৯৭১ সেই সব দিন), সেরা প্রামাণ্য চলচ্চিত্র: একটি দেশের জন্য গান (পরিচালক: শামীম আল আমিন), সেরা পার্শ্ব অভিনেতা: চঞ্চল চৌধুরী (তুফান), সেরা পার্শ্ব অভিনেত্রী: সানজিদা প্রীতি (১৯৭১ সেই সব দিন)।

ওয়েব ফিল্ম বিভাগ: সেরা চলচ্চিত্র ‘কাছের মানুষ দূরে থুইয়া’ (পরিচালক: শিহাব শাহীন), সেরা অভিনেতা মামনুন ইমন (মায়া) এবং সেরা অভিনেত্রী আফসান আরা বিন্দু (উনিশ ২০)।

উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঈন চৌধুরী, নজরুল ইসলাম ও নুরুল আজিম। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন সাজু খাদেম ও সোনিয়া শারমিন।