Published : 14 Sep 2025, 11:07 PM
প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং পদ্ধতির মাধ্যমে প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করে ডাকযোগে ব্যালট পাঠিয়ে ভোট দিতে পারবেন।
রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, “পোস্টাল ভোট দিতে হলে প্রবাসী ভোটারদের অনলাইনে আবেদন ও নিবন্ধন করতে হবে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হলে তাদের নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার ও ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীরা ভোট দিয়ে নির্ধারিত খামে ব্যালট ফেরত পাঠাবেন, যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে যাবে। ভোট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্র্যাক করার সুবিধাও থাকবে।”
নির্বাচন কমিশনার জানান, বাংলাদেশের প্রায় ১ কোটি ৪০ লাখ প্রবাসী ভোটার আছেন। আগামী নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে অন্তত ১ কোটি প্রবাসীর ভোটগ্রহণের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, “প্রবাসীরা বাংলাদেশের অংশ। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিদের ভোটদানে অংশগ্রহণ নিশ্চিত করতে হাই কমিশন প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালাবে।”
সভা শেষে নির্বাচন কমিশনার প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি নেতা, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।