Published : 25 May 2026, 12:00 PM
ইউরোপের দেশ জার্মানিতে বাংলাদেশি তরুণদের জন্য ভোকেশনাল ট্রেনিং বা ‘আউসবিল্ডুং’-এর মাধ্যমে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ কার্যক্রম শুরু করেছে দেশটির ‘ডুয়াল ভোকেশনাল ট্রেনিং সিস্টেম’।
বৃহস্পতিবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কার্যক্রমের বিস্তারিত জানানো হয়।
এ পদ্ধতির বিশেষত্ব হলো, একজন প্রশিক্ষণার্থী একই সঙ্গে কোনো প্রতিষ্ঠানে হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি ভোকেশনাল বা কারিগরি স্কুলে তাত্ত্বিক শিক্ষা নেওয়ার সুযোগ পান। এ প্রশিক্ষণ শেষে অর্জিত আন্তর্জাতিক স্বীকৃতি ও পেশাগত যোগ্যতা ভবিষ্যতে ভালো বেতনের কর্মসংস্থান ও জীবনমানের পথ সুগম করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জার্মানিতে বিশেষ করে স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হোটেল ও রেস্টুরেন্ট ব্যবস্থাপনা এবং কারিগরি শিল্পসহ বিভিন্ন খাতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। এ চাহিদাকে কাজে লাগিয়ে বাংলাদেশি তরুণদের বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ করে তোলাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
কোন কোন পেশায় বর্তমানে প্রশিক্ষণের সুযোগ রয়েছে এবং আবেদনের যোগ্যতা কী, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জার্মান সরকারের অফিশিয়াল ওয়েবসাইট https://www.make-it-in-germany.com/en/study-vocational-training/training/profiles থেকে জানা যাবে।
এছাড়া ভোকেশনাল ট্রেনিং ভিসা ও প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত ধারণা পেতে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইট https://dhaka.diplo.de/bd-en/service/2685226-2685226 নিয়মিত অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।