২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

মানামায় তিনটি বৈঠকে অংশ নেন উপদেষ্টা আসিফ নজরুল।

বিডিনিউজ২৪

সুকান্ত দেব, বাহরাইন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 08:22 AM

Updated : 26 Aug 2026, 02:26 PM

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বাহরাইনের স্বরাষ্ট্র, শ্রম ও আইন, এবং বিচার ও ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

উপদেষ্টা আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাহরাইনে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা জারি করার আহ্বান জানান।

সোমবার বাহরাইনের রাজধানী মানামায় এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয় বলে দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে অংশ নেন বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ বিন আব্দুল্লাহ আল খলিফা, শ্রম ও আইনমন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্মমন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দা।

আসিফ নজরুল বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি বিশেষজ্ঞ ও মেডিক্যাল টেকনিশিয়ানসহ দক্ষ জনশক্তি নিয়োগের প্রস্তাব দেন।

এছাড়া বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা চালুরও অনুরোধ জানান তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রীরা আসিফ নজরুলকে সফরের জন্য ধন্যবাদ দেন এবং আলোচনায় উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান। তারা সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাহরাইন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ও রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।