মানামায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭ বছর পূর্তি উদযাপন
কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বাহরাইনের রাজধানী মানামায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার মানামার একটি হোটেলে কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল বাহরাইন শাখার সভাপতি মোস্তাক আহাম্মেদ। সঞ্চালনা করেন লিমন আহাম্মেদ।
প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কচি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, মো. মকবুল হোসেন, মো. দেলোয়ার ভূঁইয়া, মো. আনোয়ার হোসেন, মো. আরিফ খান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সিদ্দিকী ও দপ্তর সম্পাদক নাজমুল হোসেন সোহাগ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা।” তারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
