১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লাল-সবুজের গল্পে ক্যান্টারবেরিতে প্রবাসীদের ‘বিজয় সন্ধ্যা’

নিউ জিল্যান্ডের ক্যান্টারবেরি অঞ্চলে এ আয়োজন করে ‘বাংলাদেশ কালচারাল সোসাইটি’।

বিডিনিউজ২৪

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 12:40 AM

Updated : 26 Aug 2026, 05:26 PM

নিউ জিল্যান্ডের ক্যান্টারবেরি অঞ্চলে বাংলাদেশ কালচারাল সোসাইটির উদ্যোগে বিজয় দিবস উদযাপন করেছেন প্রবাসীরা।

শনিবার ক্রাইস্টচার্চ শহরের ওয়াইমারি রোড কমিউনিটি সেন্টারে এ উপলক্ষ্যে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সান্ধ্য ভোজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস. এম. আকরামুল কবির ও চিরন্তন চৈতী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতে অতিথি ও উপস্থিত দর্শকদের স্বাগত জানানো হয়। পরে সম্মিলিত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত এবং শিশুশিল্পীদের কণ্ঠে নিউ জিল্যান্ডের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

বিজয় দিবস উপলক্ষ্যে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে ২৫ মার্চের গণহত্যা থেকে শুরু করে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস তুলে ধরা হয়।

তারপর বাংলাদেশ কালচারাল সোসাইটি ক্যান্টারবেরির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের প্রতিনিধি আসিবুর রহমান।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিশু-কিশোররা। আয়োজনে নেতৃত্ব ও দায়িত্ব পালন করেন এস. এম. আকরামুল কবির, জুয়েল আইচ, কণকচাঁপা কায়স্থগীর ও আসিবুর রহমান।

আয়োজকরা জানান, বিদেশের মাটিতে এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও সাংস্কৃতিক চেতনা আরও দৃঢ় করছে।