Published : 17 Aug 2026, 12:32 AM
নিজেদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব, ফ্রান্স’।
১১ সদস্যের এ কমিটিতে সভাপতি পদে শাহ সুহেল আহমদ এবং সাধারণ সম্পাদক পদে আশিক আহমেদ উল্লাস নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে প্যারিসের একটি রেস্তোরাঁয় সংগঠনের সাধারণ সভায় আগামী দুই বছর মেয়াদি এই কমিটির ঘোষণা আসে। কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ইকবাল মোহাম্মদ জাফর।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন: সহ সভাপতি জান-ই-আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাকার আল আমীন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম রনি, প্রচার সম্পাদক তানভীর তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিপু বড়ুয়া এবং দপ্তর সম্পাদক কায়ছার আহমেদ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাদল পাল, ইকবাল মোহাম্মদ জাফর এবং সাহাদ উদ্দিন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাকে উৎসাহিত করাই হবে এ সংগঠনের মূল লক্ষ্য। তারা ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কল্যাণে কাজ করার আশা প্রকাশ করেন।
সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনার পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সহায়ক পরিবেশ তৈরির বিষয়েও আলোচনা করা হয়।