Published : 01 Apr 2026, 01:39 PM
একাত্তরে মুক্তিকামী মানুষের চেতনায় আগুন ধরাতো যেসব গান, সেই স্বাধীন বাংলা বেতারের গানে স্বাধীনতা দিবস উদযাপন করেছে লন্ডনের ‘আনন্দধারা আর্টসের’ শিল্পীরা।
তারা গেয়েছেন জর্জ হ্যারিসন, সলিল চৌধুরীসহ বিদেশি সেইসব শিল্পীদের গান, যারা মুক্তিযুদ্ধের সময় গানে-সুরে একাত্তরকে করেছিলেন বাঙময়।
লন্ডনের মেফেয়ার ভেনুতে গেল ২৯ মার্চ এই আয়োজনের শিরোনাম ছিল ‘অশ্রুত একাত্তর : বিদেশি শিল্পীদের গান’। লেখক শাহাদুজ্জামানের গ্রন্থনা ও সঞ্চালনায় অনুষ্ঠানটির সংগীত পরিচালনা করেন ইমতিয়াজ আহমেদ।
নতুন প্রজন্মের শিল্পীদের সমবেত কন্ঠে স্বাধীন বাংলা বেতারের ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ এবং ‘নোঙ্গর তোল তোল’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

আনন্দধারা আর্টসের পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, “এই আয়োজনে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের সমস্ত মুক্তি সংগ্রামী, বীর যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সংযুক্ত পৃথিবীর নানা প্রান্তের শিল্পী, লেখক, কবি, সাধারণ মানুষ যারা নিরবচ্ছিন্নভাবে সে সময়ে আমাদের সাহস,শক্তি, অর্থ যুগিয়েছেন তাঁদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে চাই।"
এই সময়ে এসে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরা জরুরি বলে মন্তব্য করেন লেখক অধ্যাপক শাহাদুজ্জামান।
তিনি বলেন, “বিশেষ করে মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস তুলে আনাটা ভীষণ জরুরি।"

অনুষ্ঠানে একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন-উর্বি মধুরা, পূর্বা অধরা, আর্থিকা সাহা, ঈশিতা সাহা, কাজল সরকার ও ইমতিয়াজ আহমেদ। অমিত দে' পরিবেশেনায় আর, ডি, বর্মনের গানের সঙ্গে আবৃত্তি করেন সমর সাহা।
‘আনন্দধারা আর্টসের’ এই আয়োজনে মহান মুক্তিযুদ্ধের প্রেরণায় রচিত বিদেশি শিল্পীদের নানা অশ্রুত ও বহুল শ্রুত গান পরিবেশিত হয়েছে। তাদের মধ্যে জোয়ান বায়েজ, জর্জ হ্যারিসন, রবি শঙ্কর, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, আর ডি বর্মন, ভূপেন হাজারিকা, হেমন্ত মুখোপাধ্যায়, আল্যান গিনসবার্গ, বব ডিলান, অনিল রায়, দীপেন মুখোপাধ্যায়, অংশুমান রায়, সরদার আলাউদ্দীন, সন্ধ্যা মুখার্জি।
গানের সঙ্গে মুক্তিযুদ্ধ নিয়ে তথ্য, ইতিহাস ও কথন ছিলে আয়োজনের একটি অংশ। আর মিডিয়া পার্টনার ছিল ‘এ আর টেলিভিশন’।