Published : 09 Jun 2026, 04:31 PM
গরম ও আর্দ্রতার কারণে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহরাইনে বার্ষিক ‘মিড-ডে ওয়ার্ক ব্যান’ বা মধ্যাহ্নকালীন কর্মবিরতি কার্যকর হতে যাচ্ছে। এটি চলবে আসছে ১৫ জুন থেকে ৩১ অগাস্ট পর্যন্ত।
দেশটির শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এ আড়াই মাস প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা আকাশের নিচে কিংবা সরাসরি সূর্যালোকে শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
গরমে হিট স্ট্রোক, হিট স্ট্রেস ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি থেকে শ্রমিকদের সুরক্ষা দেওয়া এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে।
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গ্রীষ্মকালে বাহরাইনে তাপমাত্রা ও আর্দ্রতা অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়, যার ফলে নির্মাণখাত ও সড়ক সংস্কারসহ বিভিন্ন খোলা স্থানের কর্মস্থলে কর্মরত শ্রমিকরা চরম ঝুঁকির মুখে পড়েন। এ ঝুঁকি মোকাবিলায় ২০১২ সালের ৩৬ নম্বর শ্রম আইন অনুযায়ী নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
প্রথমবার অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট মালিকের সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, অথবা ৫০০ থেকে ১ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এই জরিমানা প্রতিটি ক্ষতিগ্রস্ত শ্রমিকের জন্য আলাদাভাবে গণনা করা হবে।
অর্থাৎ, কোনো প্রতিষ্ঠান যদি একসঙ্গে একাধিক শ্রমিককে নিষিদ্ধ সময়ে কাজ করায়, তবে প্রত্যেক শ্রমিকের জন্য পৃথকভাবে জরিমানার হিসাব করা হবে এবং কোন প্রতিষ্ঠান একই অপরাধ পুনরায় করলে শাস্তির পরিমাণ দ্বিগুণ করা হবে।
এদিকে সরকারি এ নির্দেশনার প্রেক্ষিতে দেশটির বিভিন্ন কোম্পানি তাদের কাজের সময়সূচিতে পরিবর্তন আনতে শুরু করেছে। বাংলাদেশি শ্রমিক রতন দাশ ও আল-আমিন জানান, তাদের নিয়োগকর্তারা ইতোমধ্যে ১৫ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর করার কথা জানিয়েছেন।
এ উদ্যোগের বিষয়ে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, “বাহরাইন সরকারের এই আইনটি মূলত শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণীত। সব বাংলাদেশি প্রবাসী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ শ্রম আইন মেনে চলার আহ্বান জানাই।”
আইন বাস্তবায়নে সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। কোনো প্রতিষ্ঠান যদি সরকারি এ নিষেধাজ্ঞা অমান্য করে শ্রমিকদের দিয়ে কাজ করায়, তবে সরাসরি অভিযোগ জানানোর জন্য ১৭৮৭৩৯২১ নম্বরে একটি হটলাইন ও হোয়াটসঅ্যাপ সেবা চালু করা হয়েছে।
প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নম্বরে কল করে কিংবা হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠিয়ে তথ্য দেওয়া যাবে।