জেদ্দায় নতুন কনসালের সঙ্গে প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়
তিনি সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সৌদি আরবের জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল সাখাওয়াত হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা।
মঙ্গলবার ‘বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জেদ্দা’-এর সাংবাদিক নেতা-কর্মীরা এ সভায় অংশ নেন।
এতে প্রবাসীদের কনস্যুলেট সেবা বৃদ্ধি ও যেকোনো সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত কনসাল জেনারেল।
তিনি বিশেষভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা প্রেরণাসহ দেশের উন্নয়ন ও পর্যটন খ্যাতি তুলে ধরার জন্য সাংবাদিকদের সহায়তা চান। এসময় কনস্যুলার উইং-এর কাউন্সেলর এ.এস.এম. সায়েম উপস্থিত ছিলেন।
সভায় প্রবাসীদের সমস্যা, বিশেষ করে সৌদি জেলে থাকা বাংলাদেশিদের আইনি সহায়তা, ওয়েজ আনার্স বোর্ডের মাধ্যমে লাশ দেশে পাঠানো এবং কনস্যুলেট সেবা দ্রুত কার্যকর করার আহ্বান জানানো হয়।
উপস্থিত ছিলেন সাংবাদিক সংগঠনের উপদেষ্টা এম.ওয়াই. আলাউদ্দিন, সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক চৌধুরী, সৈয়দ আহম্মদ, এ.আর. নোমান, আনোয়ার হোসেন, রাজু জামাল উদ্দিন স্বপন, সাহদাৎ হোসেন সুজন ও শামিম আহমেদ।
কনসাল জেনারেল সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরিশেষে, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবনিযুক্ত কনসাল জেনারেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
