১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সহিংসতার বিরুদ্ধে প্যারিসে উদীচীর মানববন্ধন

এতে প্রবাসী শিল্পী-কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, প্যারিস প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 02:37 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

উদীচী শিল্পীগোষ্ঠী ও ছায়ানটসহ সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে, পাশাপাশি ধর্ম অবমাননার অভিযোগে দীপু দাসকে পুড়িয়ে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে প্যারিসে মানববন্ধন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদ।

স্থানীয় সময় শনিবার বিকালে রিপাবলিক চত্বরে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী শিল্পী-কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনের শুরুতে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মণ্ডল। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফ্রান্স শাখার আহ্বায়ক রমেন্দ্র কুমার চন্দ, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের সাধারণ সম্পাদক অমিত চৌধুরী মারুফ এবং লোকমান আহমেদ আপন।

মানববন্ধনে উপস্থিত ফরাসি বিভিন্ন শ্রেণি-পেশার পথচারীরাও আগ্রহের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বক্তারা সহিংসতার ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধন শেষে উদীচী ফ্রান্স সংসদের সহ-সভাপতি রোজী মজুমদারের নেতৃত্বে অংশগ্রহণকারীরা সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।