১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটে জালিয়াতি: যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশির জেল

“নির্বাচনি এলাকার বাইরের বাসিন্দাদের ভোটার বানানো হয়। এরপর তাদের নামে ডাকযোগে জাল ভোট দেন অভিযুক্ত তিনজন,” বলা হয় মামলায়।

ভোটে জালিয়াতি: যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশির জেল
মনসুর আলী মিঠু।

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

জাল ভোট ও প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন বরোর আরেক বাংলাদেশি কাউন্সিলম্যান মনসুর আলী মিঠুর ২১ মাসের কারাদণ্ড হয়েছে। 

বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার ফেডারেল কোর্টের বিচারক হার্ভে বার্টেল থার্ড এ রায় দেন। 

এর আগে গত ১৮ জুন একই চক্রের দুই সদস্য মিলবোর্ন বরোর কাউন্সিলম্যান নুরুল হাসানকে তিন বছর এবং আরেক কাউন্সিলম্যান রফিকুল ইসলামকে এক বছর একদিনের কারাদণ্ড দেওয়া হয়।  

তদন্তের বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেভিড মেটকফ বলছেন, এ তিনজন মিলে মিলবোর্ন বরোর মেয়র পদে বাংলাদেশি প্রার্থী মাহবুবুল আলম তৈয়বকে পরাজিত করতে জাল ভোটের আশ্রয় নিয়েছিলেন। 

মনসুর আলী মিঠুর বাড়ি পাবনায়। তাকে ২১ মাস কারাভোগের পর আরও এক বছর কর্তৃপক্ষের নজরদারিতে থাকতে হবে। আড়াই হাজার ডলার জরিমানাও গুণতে হবে তাকে। 

২০২১ সালের ২ নভেম্বরের ওই ভোটে মাহবুবুল আলম তৈয়বের কাছে ১২০ ভোটের ব্যবধানে হেরে যান নুরুল হাসান।

ভোটে জালিয়াতিযুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশির জেল-জরিমানা

নির্বাচনের পর জাল ভোটের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামে এফবিআই ও ডেলওয়ার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস। এরপর ৩ জনের বিরুদ্ধেই ডেলওয়ার কাউন্টির রাষ্ট্রপক্ষের আইনজীবী মার্ক বি ডাবনাফ অভিযোগপত্র জমা দেয়। 

নুরুল হাসান ও রফিকুল ইসলাম।

নুরুল হাসান ও রফিকুল ইসলাম।

মামলায় বলা হয়েছে, এই বরোর অধিবাসী নন, এমন ব্যক্তিদের নাম ও জন্ম তারিখ চুরি করে এখানকার ঠিকানায় ভোটার বানানো হয়। কাজটি করা হয় বোর্ড অব ইলেকশনের ওয়েবসাইটে। 

এরপর তাদের ডাকযোগে ভোট দেওয়ার অনুরোধ জানানো হয় ওয়েবসাইটেই। নিজেদের দেওয়া ঠিকানায় ব্যালট আসার পর তিনজন তা সংগ্রহ করেন। 

এরপর নুরুল হাসানকে মেয়র হিসেবে ভোট দিয়ে তা আবার ডাকযোগেই ফেরত পাঠানো হয় বোর্ড অব ইলেকশনের অফিসে। ব্যালটে তারা জাল সই দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মেটকালফ বলেন, “মিলবোর্ন বরোর মেয়র কে হবেন, সে সিদ্ধান্ত গ্রহণে ভোটারদের ইচ্ছা ছিনতাইয়ের ফাঁদ পেতেছিলেন অভিযুক্তরা। নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণের আস্থার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যেই আমার অফিস বদ্ধপরিকর সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে।”

এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ওয়াইন বলেন, “নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে গণতন্ত্রের মূলভিত্তি। এ অবস্থায় যারা প্রতারণার মাধ্যমে ফল ছিনতাইয়ের পাঁয়তারা করে, তারা শুধু বেআইনি কাজেই লিপ্ত হয় না, তারা ভোটারের ইচ্ছার বিরুদ্ধে ষড়যন্ত্রেও লিপ্ত হয়।”