১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানামায় রাষ্ট্রদূত ও বাংলাদেশ প্রেস ক্লাবের মতবিনিময়

হৃদরোগে প্রবাসী মৃত্যুতে উদ্বেগ, স্বাস্থ্য সচেতনতায় উদ্যোগ নিচ্ছে দূতাবাস।

মানামায় রাষ্ট্রদূত ও বাংলাদেশ প্রেস ক্লাবের মতবিনিময়
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের (মাঝে) সঙ্গে প্রবাসী সাংবাদিকরা।

বিডিনিউজ২৪

বাহরাইন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 12:00 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সঙ্গে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইন। 

স্থানীয় সময় সোমবার সকালে মানামায় দূতাবাসের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা সমাধান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু, স্বাস্থ্য সচেতনতা এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

প্রেস ক্লাবের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তোফায়েল রেজা, সভাপতি সম্রাট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মাহির তালুকদার এবং অর্থ সম্পাদক মোহাম্মদ মিঠুন। 

এছাড়া ভার্চুয়ালি যুক্ত হন প্রচার সম্পাদক সুকান্ত দেব এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল হালিম ফয়সাল। দূতাবাসের পক্ষে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম ও লেবার কাউন্সেলর মো. মাহফুজ রহমান এবং প্রথম সচিব মোহাম্মদ সোহাগ হোসাইন।

সভায় প্রবাসীদের দীর্ঘদিনের দাবি এনআইডি সেবা প্রসঙ্গে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার জানান, দূতাবাসে শীঘ্রই এনআইডি সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী এক থেকে দুই মাসের মধ্যেই প্রবাসীরা এ সুবিধা পেতে শুরু করবেন।

প্রেস ক্লাবের নেতারা প্রবাসীদের পাসপোর্ট নবায়ন ফি কমানোর দাবি জানান। তারা বলেন, “উচ্চ ফি সাধারণ প্রবাসীদের জন্য অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।” 

এছাড়া বাংলাদেশে আটকে থাকা এক হাজারের বেশি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বাহরাইনে এনে প্রবাসীদের হাতে পৌঁছে দিতে দূতাবাস কাজ করছে বলেও সভায় জানানো হয়।

দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাষ্ট্রদূত প্রবাসীদের ব্যক্তিগত স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দূতাবাস ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ত করে আরও বড় পরিসরে স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে।”

একইসঙ্গে বাহরাইনে কর্মরত বাংলাদেশি ব্যবসায়ীদের কেবল দেশটির ভেতরে সীমাবদ্ধ না থেকে প্রতিবেশী দেশগুলোতেও ব্যবসা সম্প্রসারণের পরামর্শ দেন রাষ্ট্রদূত।