Published : 25 Mar 2026, 09:52 AM
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের আকাশপথ বন্ধ থাকায় সে দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করে বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত সরকার আকাশসীমা বন্ধ রাখায় কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছে না।
“এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের জন্য সৌদি আরবের দাম্মাম ও কাইসুমা বিমানবন্দর ব্যবহার করে বিকল্প রুট চালুর কাজ চলছে।”
ইতোমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কুয়েত এয়ারওয়েজকে দাম্মাম হয়ে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে।
তবে সৌদি আরবে প্রবেশের জন্য ট্রানজিট ভিসা বা বিশেষ অনুমতি প্রয়োজন হবে। সেই প্রক্রিয়া সহজ করতে দূতাবাস কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
জাজিরা এয়ারওয়েজ ইতোমধ্যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রীদের বাসে করে কুয়েত-সৌদি সীমান্ত পার করে কাইসুমা বিমানবন্দর থেকে শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানে পৌঁছে দিচ্ছে।
কুয়েত প্রবাসী বাংলাদেশি যাত্রীদের জন্যও একই ব্যবস্থা করতে দূতাবাস সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে অনুরোধ জানিয়েছে।
এছাড়া যাদের জরুরি ভিত্তিতে যাতায়াত প্রয়োজন, তাদের জন্য স্থলপথে সৌদি আরব হয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রানজিট ভিসার ব্যবস্থা করতে ‘বিশেষ উদ্যোগ’ নেওয়ার কথা জানিয়েছে দূতাবাস।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে প্রবাসীদের ‘ধৈর্য ধারণ’ করার আহ্বান জানানো হয়েছে এবং শিগগিরই একটি সমন্বিত সমাধান আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।