নিউ ইয়র্কে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ করেছে সংগঠনটির নিউ ইয়র্ক শাখা।
সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ আয়োজন করেন তারা।
এতে কেক কাটা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ চৌধুরী এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর রহমান হারুন।
প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।
তিনি তার বক্তব্যে বলেন, “গত বছরের জুলাই-অগাস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর দেশে এক নবজাগরণ সৃষ্টি হয়েছিল। কিন্তু কিছু রাজনৈতিক দল ও কুচক্রী মহল বিএনপির আকাশচুম্বী জনপ্রিয়তায় ভীত হয়ে নানা অপপ্রচার ও কুমন্ত্রণা চালিয়ে যাচ্ছে। আমরা আহ্বান জানাই, সবাই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে কাজ করি।”
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, তা সুষ্ঠুভাবে পরিচালনায় সবার সহযোগিতা চান তিনি।
সংস্কার প্রসঙ্গে সম্রাট বলেন, “আমরাও সংস্কার চাই, আমরাও বিচার চাই। কিন্তু এটিকে নির্দিষ্ট সময়ের জন্য ব্র্যাকেটবন্দি করা যাবে না। এটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার ছাড়া দেশের সঠিক নেতৃত্ব সম্ভব নয়।”
সমাবেশে আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক সিটি বিএনপির (উত্তর) জ্যেষ্ঠ সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, স্টেট বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার, এবাদ চৌধুরী, শেখ তারেক হাসান, আসিব খান, সিটি বিএনপির (দক্ষিণ) সাবেক যুগ্ম আহ্বায়ক খুলকুর রহমান, জামান উদ্দিন, উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক এজি এম জাহাঙ্গীর হোসাইন, রাশেদ রহমান, হারুন মিয়া, সাকিব ইসলাম অর্ক, অদূদ উদ্দিন, শওকত রাজিব হাসান ও মনিরুল ইসলাম।
সমাপনী বক্তব্যে মাকসুদ চৌধুরী বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতোই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
