Published : 20 Jul 2026, 02:41 PM
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা।
স্থানীয় সময় শুক্রবার সকালে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে হাই কমিশনার প্রবাসীদের স্বার্থরক্ষা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, “মালয়েশিয়া আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং তারা আমাদের কর্মীদের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। তাই সংবাদ প্রকাশ বা সোশ্যাল মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে আমাদের সংবেদনশীল হতে হবে। এমন কিছু করা যাবে না যাতে মালয়েশিয়ার কোনো প্রতিষ্ঠান বা তাদের জনগণ আহত বোধ করেন।”
শ্রমবাজারের পাশাপাশি শিক্ষা ও বাণিজ্য খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে হাই কমিশনার বলেন, “দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে। আমাদের সেগুলোর দিকেও নজর দিতে হবে। বিশেষ করে মালয়েশিয়া সরকারের নেওয়া বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা বা বিমা ব্যবস্থার সুবিধা যেন সাধারণ বাংলাদেশি কর্মীরা পান, সে বিষয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে হাই কমিশনার আরও বলেন, “প্রবাসী সাংবাদিকরা দেশের ও দূতাবাসের সঙ্গে সাধারণ কর্মীদের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। আপনাদের সাংবাদিকতা চর্চায় আরও উৎকর্ষ আসুক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হোক, এই প্রত্যাশা করি।”
অনুষ্ঠানে দূতাবাসের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন কাউন্সেলর (কনস্যুলার) ফিরোজ রাব্বানী এবং প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম।
সাংবাদিক প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ, জ্যেষ্ঠ সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল ও আশরাফুল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, মো. আরিফুজ্জামান এবং দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি।