Published : 13 May 2026, 12:32 PM
বিদেশের মাটিতে দেশীয় পণ্যের প্রসার এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য বৈশাখী মেলা।
রোববার স্থানীয় একটি হলে কয়েকজন প্রবাসী নারী উদ্যোক্তার হাত ধরে আয়োজিত এ মেলাটি যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল।
দিনব্যাপী এ আয়োজনে দেশীয় পোশাক, গহনা এবং ঐতিহ্যবাহী খাবারের সমারোহ দর্শনার্থীদের মুগ্ধ করে।
মেলার মূল উদ্যোক্তা দিলশাদ জাহান খানের নেতৃত্বে এ আয়োজনে সহযোগিতায় ছিলেন পারভিন জাহাঙ্গীর, ডায়মন্ড হীরা, চৈতি বানোয়ারি ও ইয়াসমিন আহমেদ।
দিলশাদ জাহান খান বলেন, “এ মেলার প্রধান লক্ষ্য ছিল জার্মানিতে নতুন নারী উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় পণ্য ও সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়া।”
মেলার প্রদর্শনীতে দেশীয় পণ্যের বৈচিত্র্য ছিল চোখে পড়ার মতো। ‘সাজের প্রহর’ স্টলে দিলশাদ জাহান খান তুলে ধরেন ঐতিহ্যবাহী শাড়ি, থ্রি-পিস ও আধুনিক ফ্যাশন সামগ্রী। ‘রিকস্টিউম জার্মানি বাই টুম্পা’ স্টলে ছিল নারীদের সাজসজ্জার নানা উপকরণ।
‘ফৌজিয়া’স ক্লোসেট’-এ ফৌজিয়া শেখ প্রদর্শন করেন ট্রেন্ডি ও অভিজাত পোশাক। এছাড়া তরুণীদের পোশাক ও অলংকারের সমাহার নিয়ে ছিল নাদিয়ার স্টল ‘ব্লিসফুল বিউটি’।
খাবারের স্টলগুলো মেলায় আসা প্রবাসীদের মনে করিয়ে দেয় দেশের স্বাদ। পারভিন জাহাঙ্গীরের ‘খাই দাই’, ডায়মন্ড হীরার ‘টক ঝাল উৎসব ঘর’ এবং ইয়াসমিন আহমেদের ‘মিষ্টি ছোঁয়া বাই মিতা’ স্টলে ছিল দেশীয় মিষ্টান্ন ও পিঠার ছড়াছড়ি।
এছাড়াও শম্পা আহমেদের ‘মুসাওয়ির’স ফান’, শিরীন মজুমদারের ‘মজুমদার চায়ের স্টল’ এবং ফৌজিয়া হকের ‘খিচুড়ি কর্নার’ দর্শকদের ভিড়ে মুখরিত ছিল।
মেলার আমেজ প্রাণবন্ত করতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নুরল আকন্দ খোকনের সঞ্চালনায় গান শোনান রিয়েল আনোয়ার, নিম্মি কাদের, মুক্তা খান, বাবুল খান ও বাবুল তালুকদার। আয়েশা জামান আরশিকার নাচ অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।
অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা জানান, প্রবাসের ব্যস্ত জীবনে এ ধরনের মেলা কেবল কেনাকাটার সুযোগই নয়, বরং দেশীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার একটি সেতুবন্ধন।